19/04/2026
সময়মতো রিটার্ন দাখিলে ব্যর্থতার ক্ষেত্রে প্রযোজ্য জরিমানার হার কি? ভুয়া টিআইএন (করদাতা সনাক্তকরন নম্বর) দাখিল/ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপের বিধান রয়েছে?
উত্তরঃ রিটার্ন ইত্যাদি দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা (ধারা-২৬৬)ঃ
১) যেইক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, ধারা ১৬৬, ১৭২, ১৯১, ১৯৩ বা ২১২ এর অধীন কোনো ব্যক্তি রিটার্ন দাখিল করিতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% হারে জরিমানা আরোপ করিতে পারিবেন, , যাহা নূ্ন্যতম এক হাজার টাকা হইবে এবং ব্যর্থতা অব্যাহত থাকিলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করিতে পারিবেন।
২) যেইক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ধারা ১৭৭ এর অধীন কোনো রিটার্ন, তথ্য দাখিল বা উপস্থাপন করিতে ব্যর্থ হইয়াছেন সেই ক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর তাহার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% হারে অথবা পাঁচ হাজার টাকা, দু’টির মধ্যে যাহা অধিক, সেই পরিমান জরিমানা আরোপ করিতে পরিবেন এবং ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতি মাসের জন্য এক হাজার টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করিতে পারিবেন।
জাল করদাতা শনাক্তকরন নম্বর (টিআইএন) ব্যবহারের জন্য জরিমানা (ধারা-২৬৮)ঃ
যেইক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, তাহার রিটার্নে
বা কোনো দলিলে, যেখানে এই আইনের অধীন করদাতা শনাক্তকরন নম্বর (টিআইএন) আবশ্যক, অন্য কোনো ব্যক্তির অথবা জাল করদাতা শনাক্তকরন নম্বর (টিআইএন) ব্যবহার করেন, সেইক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর অনধিক বিশ হাজার টাকা জরিমানা আরোপ করিতে পারিবেন।